নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল সিকদার পাড়া-মিয়াজী পাড়া এলাকায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মো. শাহিন নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিন রাজারকুল এলাকার বাসিন্দা এবং মনসুর আলী শিকদার আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে খেলাধুলার পর বাঁকখালী নদীতে গোসল করতে যায় শাহিন। এ সময় নদীতে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় বাঁকখালী নদী থেকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়।
শাহিনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

إرسال تعليق