ঢাকনাহীন খোলা চেম্বারে প্রাণহানির ঝুঁকি
আজম সড়কের ওপর সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপলাইনের ওয়াটার ভালভ/কন্ট্রোল চেম্বারের জন্য সড়ক ঘেঁষে তৈরি করা কনক্রিটের একটি বড় গর্ত ঢাকনা ছাড়া একেবারেই উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। সড়কের মূল পিচ ঢালাই অংশ ভেঙে একেবারে এই উন্মুক্ত চেম্বারের সাথে মিশে গেছে।
রাস্তায় কোনো নিরাপত্তাবেষ্টনী বা সতর্কতামূলক চিহ্ন না থাকায় বিশেষ করে রাতে যাতায়াতের সময় পথচারী, শিশু ও যানবাহন চলাচলের ক্ষেত্রে যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
ভাঙা রাস্তা ও অপরিকল্পিত বর্জ্যের স্তূপ
প্রকল্পের ঠিক সামনের আজম সড়কটির বিভিন্ন স্থান ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পাশাপাশি রাস্তার ধারে বালি, মাটি ও খড়ের স্তূপ ফেলে রাখার কারণে যাতায়াতের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। এর ফলে এই রাস্তায় ব্যাটারিচালিত রিকশা, সিএনজি ও অন্যান্য ছোট ছোট যানবাহন হেলেদুলে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জরুরি সংস্কারের দাবি
স্থানীয় অধিবাসীরা জানান, বিশুদ্ধ পানির সুফল পাওয়ার পাশাপাশি আজম সড়কের এই বিপজ্জনক অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন। সড়ক ভেঙে পড়া এবং ঢাকনাহীন চেম্বারটি অবিলম্বে মেরামত ও ঢেকে না দিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর আকুল আবেদন—‘ঘিলাছড়ি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম’ চালুর পাশাপাশি আজম সড়কের উন্মুক্ত চেম্বারটিতে ঢাকনা বসানো এবং সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
إرسال تعليق